রাজধানীতে নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হয়েছে ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’।
বিশেষ এ বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। এর মাধ্যমে গণপরিবহন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হয়েছে। এর লক্ষ্য নারী যাত্রীদের জন্য গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা।
বিআরটিসির পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল।
এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার কথা রয়েছে।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলোও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করবে।
রাজধানীর বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচলের কথা রয়েছে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
বিআরটিসি আশা করছে, নারীদের জন্য বিশেষ এ বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও সক্রিয় অংশগ্রহণের সুযোগও সম্প্রসারিত হবে।
সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতাতেও নারীদের দ্বারা পরিচালিত ও ব্যবস্থাপিত ‘পিংক বাস সার্ভিস’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছিল।