রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়।
এ সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।