শেরপুরে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ‘সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি’র নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারের নিবাসী শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য ও সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় শিশুদের গরমের উপযোগী পোশাক সরবরাহের জন্য উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি শিশুদের খাবারের মান বজায় রাখা, যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সরকারি শিশু পরিবার, শেরপুরের তিনজন নিবাসী শিশু এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া একজন নিবাসী শিশু ইতোমধ্যে স্নাতক পর্যায়ে ভর্তি হয়েছে।
নিবাসী শিশুদের নিরাপদ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় ভবিষ্যৎ নিশ্চিত করতে জেলা প্রশাসন, শেরপুর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।