শুভ জন্মাষ্টমী উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, শেরপুর জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র চন্দ্র মজুমদার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ খোকন ঘোষ এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
এ সময় পূজা উদযাপন ফ্রন্ট ও পুরোহিত কল্যাণ ফ্রন্টের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশায় সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানো হয়।