শেরপুর সদর উপজেলায় বিএসআইসি, বিএডিসি এবং খুচরা সার বিক্রেতা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সার ডিলার ও বিক্রেতারা।
সভায় কৃষকদের মাঝে সারের সুষ্ঠু ও ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করা, সার বিক্রয় ও বিতরণে স্বচ্ছতা বজায় রাখা, নির্ধারিত সাপ্লাই চেইন অনুসরণ এবং কৃষকদের হয়রানি ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার বিক্রেতা ও ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্টরা কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ এবং বাজারে সারের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।