তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। দুই মাসের এ প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের বাছাইয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।
পরীক্ষার কেন্দ্র ও সময় সম্পর্কে প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলার যুবক ও নারীদের এআই বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।