শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা ও পৌর শহরের গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) এবং শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।