সরকারি সেবা সহজীকরণ ও নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ‘মাইগভ (myGov)’ ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তথ্য ও সেবা আদান-প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সরকারি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা প্রদানের ক্ষেত্রে মাইগভ প্ল্যাটফর্মের ভূমিকা ও ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা ব্যবস্থাপনা ও নাগরিকদের কাছে তা সহজে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় দক্ষতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশিক্ষণটি কার্যকর ভূমিকা রাখবে।