জনস্বার্থে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এ গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৯৪ জন সেবাপ্রার্থী তাদের বিভিন্ন সমস্যা ও আবেদন তুলে ধরেন। এর মধ্যে ২৬৯ জনকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া সেলাই মেশিনের জন্য ৫ জন, ঢেউটিনের জন্য ১৬ জন, ঘরের জন্য ৪ জন, ভ্যানগাড়ির জন্য ১ জন, হুইলচেয়ারের জন্য ৪ জন, বিধবা ও বয়স্ক ভাতার জন্য ১০ জন, চাকরির জন্য ২ জন এবং নলকূপের জন্য ১ জন আবেদন করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সেবাপ্রার্থীদের সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। আবেদনগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের নিজস্ব তহবিলের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সরাসরি শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ায় সেবাপ্রার্থীরা জেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।