শেরপুরে অক্টোবর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারি খাসজমি বন্দোবস্ত ও অবৈধ দখল থেকে পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
জনসাধারণের জন্য ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমে সমন্বয় এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।