শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব।
প্রতিবছরের ন্যায় এবারও এ তীর্থোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো তীর্থ এলাকা।
তীর্থোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ আয়োজন ছিল দ্বীপ প্রজ্বলন। ধর্মীয় অনুভূতি ও গভীর শ্রদ্ধার আবহে দ্বীপ প্রজ্বলন অনুষ্ঠান তীর্থোৎসবের সৌন্দর্য ও মহিমাকে আরও অর্থবহ করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল হক।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। একই সঙ্গে এটি শেরপুর জেলার সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে।
জেলা প্রশাসন, শেরপুর এ তীর্থোৎসবের সার্বিক সাফল্য কামনা করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে। সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বদা আন্তরিক ও সচেষ্ট থাকবে বলে জানানো হয়।