নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযান থেকে বাঁচতে ঘরের সিলিংয়ের ওপর লুকিয়েও শেষ রক্ষা হয়নি মারুফ আলী ওরফে সিজানের।
বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম।
পুলিশ জানায়, অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ আলী ঘরের সিলিংয়ের ওপর লুকিয়ে থাকার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।