শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়। জব্দ করা পোশাকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।