শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে।
নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সীমান্ত পাহারায় যুক্ত করা হয়েছে দুটি এটিভি (ATV) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তের দুর্গম ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা যাচাই এবং সদস্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করতে পরিচালনা করা হয়েছে বিশেষ মহড়া।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি জনবল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবির এই উদ্যোগের ফলে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি পাবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।