চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের মোবাইল ফোনে ‘জীবন বাজি রেখে মাঠে নামার’ বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার কথাও ওই বার্তায় উল্লেখ ছিল বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, এসপি জাহাংগীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে, যা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। এর একটিতে আগামী ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং অন্যটিতে ডিসেম্বর মাসে ‘জান বাজি রেখে’ মাঠে নামার কথা বলা হয়েছে।
ডিআইজি আরও জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে পাওয়া এসব বার্তার সূত্র ধরেই জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোবাইল ফোনে এসব বার্তার তথ্য কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে তিনি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোন দুটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়। নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইনস অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বর্তমানে ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।