শেরপুরের নকলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নকলা উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা এবং প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা দরে সংগ্রহ করা হবে। এ কর্মসূচির আওতায় একজন কৃষক সর্বনিম্ন ৩ মণ থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। এ ক্ষেত্রে সরকারি নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সরকারের এ উদ্যোগের ফলে কৃষকেরা তাঁদের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য পাবেন। পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে সরকারি খাদ্যশস্যের মজুত বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।