ঢাকা ০৩:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৯ কার্তিক ১৪৩৩

শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

  • প্রকাশের তারিখ: 22/10/2026, 04:09 PM | ফটো কার্ড
  • জি এম বাবুল, শেরপুর জেলা প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 43
শেরপুরের শ্রীবরদীতে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচে একটি খালে পড়ে থাকা ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে। এদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 23/10/2026, 08:28 PM
জ
জি এম বাবুল, শেরপুর জেলা প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।