ঢাকা ০৭:১১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে সীমান্ত পেরিয়ে আসে ভারতীয় গরু, দিনে মেলে বৈধতার রসিদ!

  • প্রকাশের তারিখ: 26/11/2026, 08:17 PM | ফটো কার্ড
  • আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 384
রাতে সীমান্ত পেরিয়ে আসে ভারতীয় গরু, দিনে মেলে বৈধতার রসিদ!

জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করছে ভারতীয় গরু। অভিযোগ রয়েছে, রাতে সীমান্ত পার করে আনা এসব গরু দিনের বেলায় স্থানীয় হাটের রসিদ ব্যবহার করে বৈধতা দেওয়া হচ্ছে। পরে সেগুলো বিভিন্ন গরু ব্যবসায়ী, কসাই ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, লাউচাপড়া, টিলাপাড়া, দিগলাকোনা, সাতানীপাড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদল সীমান্ত দিয়ে নিয়মিত গরু, মাদক ও প্রসাধনী পণ্য পাচারের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিরাতে প্রায় ২০০ থেকে ২৫০টি গরু অবৈধভাবে দেশে প্রবেশ করছে।

অভিযোগ অনুযায়ী, ভারতের আমবাদি, পুরাকাশিয়া ও গারোবাদি বাজারে শনিবার ও মঙ্গলবার গরু কেনার পর সেগুলো সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে বুধবার কর্ণঝোড়া বাজারের হাটের রসিদ ব্যবহার করে বৈধতা দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। অন্যান্য দিনও বিভিন্ন বাজারের রসিদ সরবরাহের অভিযোগ রয়েছে।

সম্প্রতি বকশীগঞ্জের লাউচাপড়া সীমান্ত থেকে আটটি ভারতীয় গরু আটকের প্রায় আট ঘণ্টা পর কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে সেগুলো থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়ও আলোচনায় আসে।

স্থানীয়দের অভিযোগ, এভাবে ভারতীয় গরু পাচার অব্যাহত থাকলে দেশীয় গরুর বাজার ক্ষতিগ্রস্ত হবে এবং লোকসানে পড়বেন স্থানীয় খামারিরা। তারা হাটের রসিদ ব্যবহারে কঠোর নজরদারি ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে কর্ণঝোড়া হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন অভিযোগ অস্বীকার করে জানান, হাটে গরু কেনাবেচা হয়, কোনো চোরাকারবারীকে রসিদ দেওয়া হয় না।

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ জানান, সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/11/2026, 05:47 PM
আ
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।