ঢাকা ০৬:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে যমুনা টিভির সাংবাদিকের বাসায় আগুন, পুড়েছে প্রায় ৪০ লাখ টাকার মালামাল

  • প্রকাশের তারিখ: 25/11/2026, 07:54 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 55
শেরপুরে যমুনা টিভির সাংবাদিকের বাসায় আগুন, পুড়েছে প্রায় ৪০ লাখ টাকার মালামাল

শেরপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বলের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের খরমপুর এলাকায় তাঁর বাসার ভেতরে অবস্থিত ইতালিয়ান ব্র্যান্ড লোটোর শোরুমের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বলের মালিকানাধীন বাড়ির একটি অংশ ভাড়া নিয়ে বহুজাতিক কোম্পানি লোটো তাদের শোরুমের গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিল। বুধবার দুপুরে হঠাৎ গোডাউনে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় শোরুমের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা ও আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া গোডাউনের দুটি কক্ষ এবং পাশের দোতলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় পাশের বাড়িঘর ও অন্যান্য দোকানপাট রক্ষা পায়।

এ বিষয়ে বাড়ির মালিক ও সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এর পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি শত্রুতামূলক হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে কিছুটা বিঘ্ন ঘটে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও এতে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 27/11/2026, 01:38 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।