জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি-১-এর একটি আভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়া এলাকার সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), একই গ্রামের মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটক ব্যক্তিদের জামালপুরে নেওয়া হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।