শেরপুরের সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বিজিবি। ২৪ অক্টোবর (শনিবার) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন মো. সুলতান মাহমুদ (৩৮), পিতা-মৃত হফুর আলী এবং মিস্টার আলী (৩৬), পিতা-কালো গাজী। তাঁদের উভয়ের গ্রাম গোমরা, ডাকঘর রাহিচিটা, থানা ঝিনাইগাতী, জেলা শেরপুর।বিজিবি জানায়, আটক মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার পাশাপাশি আটক দুইজন সহ পলাতক তিনজন আসামির বিরুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ও পলাতক ওই আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি ।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।