ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১ অগ্রহায়ণ ১৪৩৩

পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেল পরিবার

  • প্রকাশের তারিখ: 14/11/2026, 10:30 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেল পরিবার

প্রায় আট মাস ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন মোঃ শাহজাহান আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শেরপুরের প্রযুক্তিগত সহায়তায় দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেয়েছেন তাঁর স্বজনরা। প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

পিবিআই সূত্রে জানা যায়, মোঃ শাহজাহান আলী (৭০) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় তাঁর ছেলে মোঃ জাবেদ ওরফে বাবুলের ভাড়া বাসায় থাকতেন। প্রায় আট মাস আগে সেখান থেকেই তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে পোস্ট দেন। তবে দীর্ঘদিনেও তাঁর কোনো খোঁজ মেলেনি।

এদিকে, গত ২৩ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ‘আজকের তারুণ্য’ নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন সেখানে উপস্থিত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

পরবর্তীতে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে রবিউল ইসলাম রতন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি প্রকাশ করেন। কিন্তু তাতেও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কিছুটা সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও অবস্থান করতে থাকেন। অন্যদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাঁর পরিবারের সন্ধানে চেষ্টা অব্যাহত রাখেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধকে পিবিআই, শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের জেলা টিম FIVeS প্রযুক্তির মাধ্যমে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

আঙুলের ছাপ যাচাই করে জানা যায়, ওই ব্যক্তির নাম মোঃ শাহজাহান আলী (৭০)। তাঁর পিতার নাম মুনজিল শেখ এবং মাতার নাম আজিরন খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার গান্ধাইল গ্রাম। পরে পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে তাঁর ছেলে মোঃ জাবেদ ওরফে বাবুলের সন্ধান পান।

এরপর ১৪ নভেম্বর শাহজাহান আলীর ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই মোঃ সুমন মিয়া পিবিআই, শেরপুর জেলা কার্যালয়ে উপস্থিত হন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে নিখোঁজ শাহজাহান আলীকে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে জাবেদ ও পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা পিবিআই, শেরপুর জেলা এবং বৃদ্ধকে উদ্ধার ও তাঁর পরিচয় শনাক্তে সহযোগিতাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রযুক্তির সহায়তা, মানবিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের বিচ্ছেদের অবসান ঘটিয়ে পরিবারের কাছে ফিরলেন এক নিখোঁজ বৃদ্ধ।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 15/11/2026, 12:49 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।