শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের শতবর্ষী ঐতিহ্যবাহী বটগাছটি অবশেষে কাটা বন্ধ করা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের হস্তক্ষেপে গাছটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
জানা যায়, পুরাতন ঈদগাহ মাঠ সংস্কারের লক্ষ্যে শতবর্ষী বটগাছটি কাটার জন্য একটি ফেসবুক পেজে প্রকাশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিষয়টি প্রকাশের পর পরিবেশবাদীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ ও নিন্দার সৃষ্টি হয়।
পরে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৮ শতক জমির ওপর অবস্থিত ঈদগাহ মাঠ এবং বটগাছটি ওয়াকফ সম্পত্তিভুক্ত। এরপর ইউএনও আসমা বিনতে রফিক স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে গাছটি কাটা বন্ধের ব্যবস্থা নেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন,
“স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং সহকারী কমিশনার (ভূমি)-এর মাধ্যমে সংশ্লিষ্ট কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই যেন গাছটি কাটা না হয়। তারা আশ্বাস দিয়েছেন, গাছটি আর কাটা হবে না।”জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন,
"গাছের ছবিসহ প্রকাশ্যে বিজ্ঞপ্তির বিষয়টি স্থানীয়দের মাধ্যমে আমার নজরে আসে। এরপর আমি সদর ইউএনওকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিই।"
স্থানীয়দের মতে, শতবর্ষী এই বটগাছটি শুধু একটি গাছ নয়, এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপে গাছটি রক্ষা পাওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
শেরপুরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে রক্ষা পেল শেরপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বটগাছ