মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জেলার তিন কৃতি শিক্ষার্থী।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে শেরপুর আফসার আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিজ্ অনুশ্রী রানী দে সদ্য প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। জেলা প্রশাসক তাঁর পড়াশোনা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে, শেরপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মিজ্ সায়মা তালুকদার নিজ প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার University of Wollongong-এ স্কলারশিপসহ পড়াশোনার সুযোগ পেয়েছেন। তিনি কলেজটি থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন।
এ ছাড়া মো. আমিনুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (DUET) ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁর উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং ভর্তির খরচ নির্বাহে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন