শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা যাচাই এবং ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্ন পূরণে উৎসাহিত করার লক্ষ্যে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফিউচার ক্যাডেট একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়। বিরতিহীনভাবে পরীক্ষা চলে সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষাটি সরাসরি ঢাকা থেকে পরিচালিত হয়। এক্স-ক্যাডেট প্রিন্সিপাল ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রতিভা যাচাইয়ের পাশাপাশি তাদের ক্যাডেট কলেজে পড়াশোনার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ জোগাবে।