শেরপুরে বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যা
শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জাতীয় পর্যায়ে গণিত কুইজে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুজ্জামান, শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মোহসীনা সোবহান, সহকারী মনিটরিং অফিসার মো. মনসুর আলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. আতাউর রহমান, সারোয়ার জাহান ও মো. ফরিদুজ্জামান।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে গণিত কুইজে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। তাঁরা শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।