ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২৬ কার্তিক ১৪৩৩

নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি মাত্র ২০ শতাংশ, উদ্বেগ প্রকাশ ডিসির

  • প্রকাশের তারিখ: 09/11/2026, 11:50 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 25
নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি মাত্র ২০ শতাংশ, উদ্বেগ প্রকাশ ডিসির

শেরপুর সদর উপজেলার ১৩ নম্বর চরশেরপুর নয়াপাড়া ও ১৪৪ নম্বর নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সোমবার (৯ নভেম্বর) বিদ্যালয় দুটি পরিদর্শনকালে নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার মাত্র ২০ শতাংশ দেখে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সম্পৃক্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে দক্ষতা যাচাই করে তিনি দেখতে পান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে কিছুটা দুর্বলতা রয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ওই দিন বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ।

পরিদর্শনকালে পিতৃহীন তিনজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পরিবারের সহায়তায় চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে কেনার ব্যবস্থা করেন জেলা প্রশাসক। এসব খাদ্যসামগ্রী শিক্ষার্থীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অর্থ প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি করতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 10/11/2026, 02:08 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।