শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজাদের হামলায় জিন্নাত আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তাঁর আপন ভাতিজাদের বিরোধ চলছিল। এরই জেরে রোববার বিকেলে ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, জিন্নাত আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।