শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী চান্দাপাড়া গ্রামে অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) উদ্ধার করা হয়।
৩৯ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাতভর এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা এবং চারটি গরুর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ১৬ হাজার ৩৬০ টাকা।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা চোরাই মালামাল ও গরু নিয়ম অনুযায়ী সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে এসব মালামাল নিলামে বিক্রি করা হবে।
শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ