ঢাকা ০১:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি

  • প্রকাশের তারিখ: 11/08/2026, 11:29 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 120
পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর মানবিক বিভাগ থেকে পাঁচ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ফল প্রকাশের পর দেখা যায়, তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার মানবিক বিভাগ থেকে বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি।

এদিকে পাঁচ পরীক্ষার্থীর কেউ পাস না করায় বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া।

তিনি বলেন, শিক্ষকদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিদ্যালয়ের ফল বিপর্যয়ের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক হাবীবুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে নজর দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে, শিক্ষকদের দায়িত্ব পালনে ঘাটতি থাকতে পারে। বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ের ফল বিপর্যয়ের প্রকৃত কারণ বের করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 30/09/2026, 12:09 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।