ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

  • প্রকাশের তারিখ: 12/10/2026, 11:06 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 18
দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দময় ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে টহল জোরদার, স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

এ ছাড়া সাম্প্রদায়িক উসকানি, গুজব ছড়ানো কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম তথ্য সংগ্রহ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং বিভিন্ন ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা সরাসরি নিরাপত্তা সহযোগিতা দেবেন। পাশাপাশি দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত টহল এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারি নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা, নিয়মিত টহল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিশেষ দল প্রস্তুত থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, দুর্গাপূজা দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্যের প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 11:14 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।