আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের নির্বাচনি ব্যয় ও জামানতের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনি ব্যয় ৫ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর ব্যয় ১ লাখ থেকে ২ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ১ হাজার থেকে ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। সংশোধনীটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে ইসিতে এসেছে। সব ঠিক থাকলে চলতি সপ্তাহে এসআরও নম্বরের জন্য এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইসি জানিয়েছে, চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ইউপি নির্বাচন দিয়েই ভোট শুরু হতে পারে। চলতি মাসেই তপশিল ঘোষণার সম্ভাবনাও রয়েছে। তবে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকাও চূড়ান্ত করেছে ইসি। প্রতিটি নির্বাচনের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।
এদিকে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়ার পর ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। এতে দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এসব ভোটার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেবেন।
স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিতে আরও কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে ইসি। এর মধ্যে হলফনামায় নতুন তথ্য সংযোজন, অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের অযোগ্যতা এবং নির্বাচনি অপরাধে শাস্তি বাড়ানোর প্রস্তাব রয়েছে। ভোটকেন্দ্রে অনিয়মের প্রমাণ মিললে নির্বাচন বন্ধ করার ক্ষমতাও ইসির হাতে রাখার প্রস্তাব করা হয়েছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে না। পাশাপাশি দলীয় প্রতীকেও স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তপশিল ঘোষণার পর আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে যাওয়ার প্রস্তুতিও রয়েছে নির্বাচন কমিশনারদের।
ইউপি নির্বাচনে ব্যয় ও জামানত বাড়ছে
- প্রকাশের তারিখ: 13/09/2026, 09:20 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 37
- আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 07:45 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ