সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, রোভার স্কাউটসের সদস্যবৃন্দ এবং শেরপুর পৌরসভা ও কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শেরপুর গড়ে তোলার আহ্বান জানানো হয়।