ঢাকা ১০:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী, নিলেন চিকিৎসা ও পুষ্টিকর খাবারের দায়িত্ব

  • প্রকাশের তারিখ: 14/09/2026, 10:05 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 31
অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী, নিলেন চিকিৎসা ও পুষ্টিকর খাবারের দায়িত্ব

ক্ষুধা, অসুস্থতা ও স্বজন হারানোর বেদনায় বিপর্যস্ত এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ওই পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর অসুস্থ। পরিবারের রয়েছে একজন শারীরিক প্রতিবন্ধী সন্তান। এর মধ্যে সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়ে পরিবারের একমাত্র নারী সদস্যের মৃত্যু হলে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়ে। অর্থাভাবে প্রয়োজনীয় খাবার, চিকিৎসা ও ওষুধের জোগান দেওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয় দানশীল ব্যক্তি আলহাজ্ব হযরত আলীর। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে তিনি নিজেই খাদ্যসামগ্রী নিয়ে ওই পরিবারের জরাজীর্ণ বাড়িতে ছুটে যান।

সেখানে তিনি অসুস্থ গৃহকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিজ হাতে তাকে খাবার খাওয়ান। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে পরিবারটির জন্য আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেন।

শুধু তাৎক্ষণিক সহায়তা দিয়েই থেমে থাকেননি আলহাজ্ব হযরত আলী। অসুস্থ গৃহকর্তা ও শারীরিক প্রতিবন্ধী সন্তানের প্রতি মাসের প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাবারের খরচ দীর্ঘমেয়াদে বহনের দায়িত্বও তিনি নিজের কাঁধে তুলে নেন।

এ সময় তিনি জানান, শেরপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও তাঁর কন্যা ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাও পরিবারটির নিয়মিত খোঁজখবর রাখবেন এবং প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকবেন।

মধ্যরাতে একজন রাজনৈতিক নেতার এমন মানবিক উদ্যোগের বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আবেগ ও প্রশংসার সৃষ্টি করেছে। পরে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, অসহায় এই পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলীর এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রেরণা জোগাবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 08/10/2026, 01:02 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।