নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন। এ ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার দুই পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের সময় তাঁর পাওয়া ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিলের একটি ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তিনি নিজের ব্যাগটি রেখে যান। পরে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের কোনো খোঁজ পাননি। পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা ছিলেন না।
এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিল। পরে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল চোরাই মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
পুলিশ জানায়, ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
ল্যাপটপ উদ্ধারে ভূমিকা রাখা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও পেশাদার দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত পুলিশি সেবা দেওয়া এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পুলিশের সব ইউনিটকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।
এর আগে, ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিল ল্যান্ডারের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আলোচনায় এলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা তাঁকে নতুন একটি ম্যাকবুক উপহার দেন। পরে পুলিশি অভিযানে তাঁর চুরি হওয়া ল্যাপটপটিও উদ্ধার হয়।