শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগে আনন্দিত হয় শিক্ষার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার দড়িতেঘড়ি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক দেখতে পান তিনি।
পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম। একপর্যায়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষার্থীদের হাতে-কলমে পাঠদান করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরাসরি শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে পাঠদানে অংশ নেয়।
পরিদর্শনকালে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ ও সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন ইউএনও।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সময় কাটানোর এ উদ্যোগ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ও শিক্ষার পরিবেশ সম্পর্কে বাস্তব চিত্র জানতে সহায়ক হবে। পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।