বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় কলেজের ২০তম সভার কার্যবিবরণী অনুমোদন এবং পূর্ববর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া এমআরটির প্রস্তাব, বাধ্যতামূলক প্রশিক্ষণের বৈদেশিক অংশে অর্থ বরাদ্দ, ‘গবেষণা ও উদ্ভাবন সেন্টার’ প্রতিষ্ঠা, প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন উচ্চশিক্ষা কোর্স চালুর বিষয়ে আলোচনা হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ বাহিনীতে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ সদস্য রয়েছেন। তাঁদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। বর্তমানে পুলিশ সদর দপ্তর, ডিএমপির সাইবার ইউনিট ও সিআইডির মাধ্যমে ডিজিটাল অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ করা হলেও একটি স্থায়ী ও সমন্বিত কাঠামো প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সদস্যদের দক্ষতা ও মনোবল বাড়াতে দেশীয় প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএটিসির রেক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পরিচালনা বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন।