ঢাকা ০২:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২০ কার্তিক ১৪৩৩

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ

  • প্রকাশের তারিখ: 04/11/2026, 10:23 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রমিকদের চলমান আন্দোলন, বিভিন্ন কারখানা বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছেন তাঁরা। বুধবারই সভাটি অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।

তিনি বলেন, কারখানাগুলো চালু রাখতে তাঁরা চেষ্টা করছেন। একই সঙ্গে শিল্প ও শ্রমিকদের স্বার্থে ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতা জাগো নিউজকে জানান, মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনের মাধ্যমে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এই মজুরি বোর্ডের কার্যক্রমের মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি ও চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কী অগ্রগতি আসে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 04/11/2026, 01:56 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।