ঢাকা ০৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২০ কার্তিক ১৪৩৩

শেরপুরে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা, থাকছে দেশি-বিদেশি লেখকদের বই

  • প্রকাশের তারিখ: 03/11/2026, 05:08 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 43
শেরপুরে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা, থাকছে দেশি-বিদেশি লেখকদের বই

শেরপুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের ডিসি উদ্যানে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি স্টলগুলোতে প্রদর্শিত বিভিন্ন লেখকের বই ও প্রকাশনা সম্পর্কে খোঁজখবর নেন।

ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত, সাংবাদিক কাজী মাসুমসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা।

মেলায় মোট ১০টি স্টলে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদগ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের বই স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বইপ্রেমী, লেখক, পাঠক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 04/11/2026, 03:45 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।