শারদীয় দুর্গোৎসব-১৪৩৩ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গোৎসবের সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন।
শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। এ উৎসব ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
জেলা প্রশাসন, শেরপুর জানিয়েছে, সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নির্বিঘ্নে উৎসব উদ্যাপনের জন্য সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
শুভ শারদীয় দুর্গোৎসব। সবার জীবন আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে পূর্ণ হোক।