ঢাকা ১২:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২ কার্তিক ১৪৩৩

নেত্রকোনায় সাংবাদিক হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে এসআরবি, শেরপুরে ১৬৭ পূজামণ্ডপে জোরদার নিরাপত্তা

  • প্রকাশের তারিখ: 16/10/2026, 10:56 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
নেত্রকোনায় সাংবাদিক হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে এসআরবি, শেরপুরে ১৬৭ পূজামণ্ডপে জোরদার নিরাপত্তা

 

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সঙ্গে শেরপুর জেলার ১৬৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের গোপাল জিউর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন এসআরবি-১৪, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা।

নেত্রকোনায় সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেরপুরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা প্রসঙ্গে অতিরিক্ত ডিআইজি বলেন, জেলার ১৬৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবির সদস্যরা টহল দিচ্ছেন। পূজামণ্ডপকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শেরপুর একটি সীমান্তবর্তী জেলা। জেলার তিনটি উপজেলা দিয়ে প্রায়ই মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য প্রবেশ করে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো চক্র যাতে মাদকের বিস্তার ঘটাতে না পারে, সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা বলেন, উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ সময় জামালপুর এসআরবি-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদসহ এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 16/10/2026, 11:53 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।