কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন সার ডিলার ও বাফার গোডাউন সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) তিনি এসব সার ডিলার ও বাফার গোডাউন পরিদর্শন করেন। এ সময় ডিলারদের স্টক রেজিস্টার, সারের বর্তমান মজুত এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়টি নিবিড়ভাবে যাচাই করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে তিনি বিক্রয় রশিদ থেকে কৃষকদের ফোন নম্বর সংগ্রহ করে সরাসরি ফোনে কথা বলেন এবং তারা কত দামে সার কিনেছেন, তা নিশ্চিত হন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আল আমীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক মিজ্ বনানী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। কোনোভাবেই যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং কোনো কৃষক যাতে সার ক্রয়ের ক্ষেত্রে হয়রানি বা অতিরিক্ত মূল্যের শিকার না হন—এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।