ঢাকা ০১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান: শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্‌যাপিত

  • প্রকাশের তারিখ: 10/07/2026, 12:45 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 91
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান: শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্‌যাপিত

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, শেরপুরের যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এ. বি. এম. মামুনুর রশিদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 11:59 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।