ঢাকা ০৯:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পৃথক ঘটনায় তিনজন নিহত, বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

  • প্রকাশের তারিখ: 10/10/2026, 10:26 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 35
জামালপুরে পৃথক ঘটনায় তিনজন নিহত, বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

জামালপুরে পৃথক দুটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতুড়ির আঘাতে এক চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) সকালে এসব ঘটনা ঘটে।

বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় উফেজা বেগম (শাশুড়ি) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম নিহত হয়েছেন। শনিবার সকালে জামালপুর-বকশীগঞ্জ সড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারী যাওয়ার পথে ঠাকুরপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

ইসলামপুরে হাতুড়ির আঘাতে চাচার মৃত্যু

অন্যদিকে, জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভাতিজা সাইফুলের হাতুড়ির আঘাতে চাচা আতাউর রহমানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। শনিবার সকালে সাইফুলের হাতুড়ির আঘাতে আতাউর রহমানের মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

পৃথক দুটি ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/11/2026, 08:50 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।