ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২৫ কার্তিক ১৪৩৩

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

  • প্রকাশের তারিখ: 09/11/2026, 07:49 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 2
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

 ‘ছোটপর্দার পরিচিত মুখ ও অভিনেত্রী সামিরা খান মাহি জিতে নিয়েছেনমিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

গত শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার পর পুরো অনুষ্ঠানস্থলে আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। নিজের নাম শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন মাহি। পরে গত আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় দুই বিজয়ীকে একসঙ্গে মঞ্চে দেখা যায়।

বিজয়ের বিশেষ মুহূর্তে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউন, যাতে ছিল পাথরের নান্দনিক কারুকাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলাকে দেখা যায় হালকা নীল ও সিলভার রঙের পোশাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জা, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের বিভিন্ন পরিচিত মুখ। মডেল ও কোরিওগ্রাফারদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে তারকাবহুল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোতে শুরু হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহি জানান, তার বাবা-মা তাকে বিশ্বজয়ের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে দেশের মানুষের দোয়া কামনা করে তিনি বলেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করাই তার প্রধান লক্ষ্য। তার প্রত্যাশা, তিনি বিজয়ী হলে সেই জয় হবে পুরো বাংলাদেশের।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ পৌঁছানোর সাফল্য। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও অর্জন করেন সাফল্য।

মিথিলার পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব সামিরা খান মাহির কাঁধে। দেশের হয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা নিয়ে তার এই যাত্রার দিকে তাকিয়ে আছেন দেশের বিনোদনপ্রেমীরা।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 09/11/2026, 08:44 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।