ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
শেরপুর জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিক।
এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তোলা সম্ভব।