ঢাকা ০১:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

ইনচার্জকে অপসারণের দাবিতে উত্তাল শেরপুর নার্সিং ইনস্টিটিউট

  • প্রকাশের তারিখ: 14/09/2026, 10:57 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 32
ইনচার্জকে অপসারণের দাবিতে উত্তাল শেরপুর নার্সিং ইনস্টিটিউট

শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনকে পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নার্সিং ইনস্টিটিউটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা ইনচার্জ মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অবিচার, কটূক্তি, অন্যায় আচরণ, হয়রানি, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন হিফজুল বারী, সাইফুল্লাহ সামিন, ফাহাদুল, অনন্ত, ওবায়দুর, কৌশিক, বিশ্বজিৎ, অজিত, অপু, সাদিকুল, আদনান, মমিন, মুসা, রাজু, নীরা, রাফিয়া, রূপা, সাদিয়া, পূজা ও লিজাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ যথাযথভাবে সমাধান না করে অন্যায় আচরণ ও স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। এ কারণে তাঁরা ইনচার্জের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।
শিক্ষার্থীরা আরও ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনচার্জকে পদ থেকে অপসারণ করা না হলে তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে নার্সিং ইনস্টিটিউট, শেরপুরের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিন বলেন, তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলেছেন, এর কোনো একটি অভিযোগও যদি যৌক্তিক হয় এবং তদন্তে তার সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে, তিনি তা মেনে নেবেন।
তিনি দাবি করেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর গুলশান আরা ও শরিফা আক্তার মিলে এ বিষয়টি তৈরি করে শিক্ষার্থীদের উসকে দিয়েছেন।
মাকসুদা ইয়াসমিন এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 25/09/2026, 09:14 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।