ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৩ কার্তিক ১৪৩৩

দর্শকের ঢল, মাঠজুড়ে উৎসব—শেরপুর ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন পৌরসভা

  • প্রকাশের তারিখ: 17/10/2026, 11:11 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 16
দর্শকের ঢল, মাঠজুড়ে উৎসব—শেরপুর ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন পৌরসভা

 

স্মরণকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতিতে শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেরপুর সদর উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন এবং জেলা ফুটবল ফেডারেশনের (বাফুফে) আহ্বায়ক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যাচসেরা ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হয়। এ ছাড়া দর্শকদের জন্য বিনা মূল্যে কুপনের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ রাখা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত সেরা ১০ দর্শককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

ফাইনাল খেলাকে ঘিরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বেলা ২টা থেকেই দলে দলে স্টেডিয়ামে আসতে থাকেন ফুটবলপ্রেমীরা। একপর্যায়ে গ্যালারির সব আসন পূর্ণ হয়ে যায়। পরে অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠের ভেতরে অবস্থান নিয়ে খেলা উপভোগ করেন।

দর্শকদের উপচে পড়া ভিড়, খেলোয়াড়দের লড়াই এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিলিয়ে পুরো স্টেডিয়াম পরিণত হয় আনন্দ-উৎসবের মিলনমেলায়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে এবারের ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেরপুরের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 17/10/2026, 11:23 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।