ঢাকা ০৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নালিতাবাড়ীতে গৃহবধূর মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা ঘিরে রহস্য

  • প্রকাশের তারিখ: 17/08/2026, 02:46 AM | ফটো কার্ড
  • সংবাদটি দেখেছেন: 101
নালিতাবাড়ীতে গৃহবধূর মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা ঘিরে রহস্য

শেরপুরের নালিতাবাড়ীতে মুন্নি আক্তার সাগরিকা (২০) নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি স্বামীর নির্যাতনে হত্যার শিকার হয়েছেন, তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, হত্যার আশঙ্কার কথা জানানো হলেও ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাটের চর গোরকপুর গ্রামের মমতাজ হোসেনের মেয়ে সাগরিকা গার্মেন্টে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত নালিতাবাড়ীর ফকিরপাড়া গ্রামের মনির হোসেন ওরফে আবু সামা (৩৫) এর সঙ্গে প্রেমের সম্পর্কের পর প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়। পরে পরিবারও বিয়ে মেনে নেয়।
স্বজনদের অভিযোগ, বিয়ের পর সাগরিকা জানতে পারেন, আবু সামা এর আগে আরও তিনটি বিয়ে করেছিলেন। এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন এবং শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য সাগরিকাকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে আবু সামা সাগরিকার বাবাকে ফোন করে জানান, সাগরিকা স্ট্রোকে মারা গেছেন। পরে পুলিশ ও স্বজনেরা বাড়িতে গিয়ে সাগরিকাকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের অভিযোগ, পুলিশ ও স্বজনেরা পৌঁছানোর আগেই আবু সামা মরদেহ নামিয়ে মেঝেতে রেখেছিলেন। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাগরিকার বাবার স্বাক্ষর নিয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তে হত্যার কোনো আলামত পাওয়া গেলে সেটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে।
অন্যদিকে, তদন্ত কর্মকর্তা এসআই শরিফ জানান, অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 17/11/2026, 11:14 PM
প
প্রাইম সময় ডেস্ক
সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।