ঢাকা ০২:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ

  • প্রকাশের তারিখ: 17/11/2026, 10:56 AM | ফটো কার্ড
  • মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 43
শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও দুই সদস্যের নাম প্রকাশ

শেরপুরের শ্রীবরদীতে বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামে এক সন্দেহভাজন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনের নাম উঠে এসেছে। তাদের শনাক্ত ও সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেলিম মিয়াকে আটক করা হয়।

আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মো. ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচার চক্রের সঙ্গে শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. স্বপন এবং বৈষ্ঠমপাড়া গ্রামের মো. সুমনের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে পাওয়া তথ্যের সত্যতা ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।

এ ছাড়া মানব পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ৩৯ বিজিবি।

বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মানব পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 17/11/2026, 06:42 PM
ম
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।